ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে স্থানান্তরের (Academic Migration) চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। ঢাবি কর্তৃপক্ষ আগামী ৩১ আগস্টের মধ্যে এসব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তালিকা, একাডেমিক ও পরীক্ষার ফল সংক্রান্ত সব রেকর্ড ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর করবে। একই সময়ের মধ্যে সিলেবাস, কোর্স রেগুলেশন, একাডেমিক অর্ডিন্যান্স ও পরীক্ষা রেগুলেশনও হস্তান্তর করা হবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বলা হয়, গত ২৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের সভায় সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের শিক্ষার্থীসহ সব অংশীজনের মতামত পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে একাডেমিক মাইগ্রেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা, সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশাসন এবং সাত কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের নির্বিঘ্নে ও যথাযথ প্রক্রিয়ায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে স্থানান্তর এবং নির্ধারিত সময়ে একাডেমিক ও পরীক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ১০ দফা রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
যেভাবে হবে মাইগ্রেশন:
রোডম্যাপ অনুযায়ী, একাডেমিক মাইগ্রেশন সম্পন্ন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে দ্রুততম সময়ে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করা হবে। পাশাপাশি স্থানান্তর প্রক্রিয়া বাস্তবায়নে দুই বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৩১ আগস্টের মধ্যে ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তালিকা, একাডেমিক ও পরীক্ষার ফল সংক্রান্ত সব রেকর্ড ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর করবে। একই সময়ের মধ্যে এসব শিক্ষার্থীর জন্য প্রযোজ্য সিলেবাস, কোর্স রেগুলেশন, একাডেমিক অর্ডিন্যান্স ও পরীক্ষা রেগুলেশনও হস্তান্তর করা হবে।
শিক্ষার্থীদের একাডেমিক ও পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সহায়তার জন্য সাত কলেজে এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনিক কার্যালয়ে পৃথক হেল্পডেস্ক চালু করা হবে।
পরীক্ষার সম্ভাব্য সময়সূচি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সিলেবাস অনুসারে এসব শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করবে। রোডম্যাপ অনুযায়ী—
অনার্স ২য় বর্ষ ২০২৫ (২০২৩-২৪ শিক্ষাবর্ষ): ফরম পূরণ অক্টোবর ২০২৬, পরীক্ষা শুরু নভেম্বরের তৃতীয় সপ্তাহে।
অনার্স ৩য় বর্ষ ২০২৫ (২০২২-২৩ শিক্ষাবর্ষ): ফরম পূরণ ডিসেম্বর ২০২৬, পরীক্ষা শুরু জানুয়ারি ২০২৭-এর প্রথম সপ্তাহে।
অনার্স ৪র্থ বর্ষ ২০২৫ (২০২১-২২ শিক্ষাবর্ষ): ফরম পূরণ সেপ্টেম্বর ২০২৬, পরীক্ষা শুরু অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে।
তবে পরীক্ষার চূড়ান্ত তারিখ ও রুটিন পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এ ছাড়া ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের চতুর্থ বর্ষের টার্মপেপার সংশ্লিষ্ট কলেজের নিজ নিজ বিভাগের মাধ্যমে মূল্যায়ন করা হবে।
রোডম্যাপ বাস্তবায়নে গঠিত যৌথ স্থানান্তর বাস্তবায়ন কমিটি সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। স্থানান্তর প্রক্রিয়া সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য শিক্ষার্থীরা নিজ নিজ কলেজে কমিটির প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, মাইগ্রেশন প্রক্রিয়া বাস্তবায়নে অতিরিক্ত কোনো কার্যক্রম বা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে তা যথাযথভাবে গ্রহণ করা হবে। একই সঙ্গে প্রক্রিয়াটি সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, সাত কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।






