ঢাকা | রবিবার, ২৩ আগস্ট ২০২৬,৮ ভাদ্র ১৪৩৩

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে ঢাবিতে মিছিল

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে অভিনন্দন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুভেচ্ছা মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এইচ এম আবু জাফরের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়। মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিলটি কলাভবন হয়ে বিজনেস ফ্যাকাল্টির সামনে দিয়ে সূর্যসেন হল ও মুহসীন হল প্রদক্ষিণ করে ভিসি চত্বর, টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

মিছিলে ‘সরকারের ১৮০ দিন, জনগণের মুশকিলের দিন’, ‘ছাত্রদলের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা’, ‘দুঃসময়ের রিজভী ভাই, আমরা তোমায় ভুলিনি’, ‘আমরা সবাই তারেক হব, দেশ গড়ায় অংশ নেব’ এবং ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিল শেষে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বক্তব্য দেন ছাত্রনেতা এইচ এম আবু জাফর। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে ইতোমধ্যে কাজ করেছেন। বিএনপি সরকারের ১৮০ দিন অতিবাহিত হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করেছে।

মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক বায়েজিদ হুসাইন, সহসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাইদুর রহমান সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আফসার উদ্দিন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, আল ইমরান, বেলাল হোসেন নিলয়, রাসেল খান রাহাত, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি আলাউদ্দিন রিপন, যুগ্ম সম্পাদক নুহ রাসেল ও হাসিবুল নাঈম।

এ ছাড়া ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সভাপতি এইচ এম রিয়াজুল ইসলাম রিয়াজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সারজু, জিয়াউল হক জিয়া, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিতুল ইসলাম, ইজাবুল মল্লিক, শামীম হোসেন, শরীফুল ইসলাম শরীফ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, হামিরুল ইসলাম অপু, রাকিবুল ইসলাম, হেলাল হোসেন, জহিরুল ইসলাম ও আল মামুন সাগর উপস্থিত ছিলেন।

এ সময় তেজগাঁও কলেজের সদস্য নাজমুল হাসান পাপন, বাংলা কলেজ ছাত্রদলের রাজিব বিশ্বাস এবং তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারেকও উপস্থিত ছিলেন।