জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে শহীদ শাহরিয়ার খান আনাসের চিঠির ফলক উন্মোচন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন৷ সোমবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আনাস হলে এ ফলক উন্মোচন করা হয়৷ পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন কেন্দ্রের ১১৬ নম্বর রুমে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷
এসময় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী৷ এছাড়াও, শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ, নানা সাইদুর রহমান খান ও ছোটোভাই সাফওয়ান খানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, আমাদের এই চিঠি পড়ে শিক্ষার্থীরা দেশপ্রেমিক আনাস সম্পর্কে জানতে পারবে৷ একজন দশম শ্রেণীর শিক্ষার্থীর দেশপ্রেমের চিহ্ন আমাদের সকলকে অনুপ্রাণিত করবে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যতদিন থাকবে ততোদিন ৩৬শে জুলাইয়ের শহীদ আনাসের স্মরণে এই কর্মসূচিগুলো গুরুত্বের সাথে পরিচালনা করব।
তিনি আরও বলেন, আকাঙ্ক্ষিত বাংলাদেশ ও সমাজ বিনির্মাণে এই চিঠির প্রতিবদ্ধ বিষয়গুলো ধারণ করে আমরা সবাই যেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারি সেদিকে খেয়াল রাখব।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট দশম শ্রেণির ছাত্র শাহরিয়ার খান আনাস তাঁর মাকে একটি চিঠি লিখে সকালে রাজধানীর গেণ্ডারিয়ার ভাড়া বাসা থেকে আন্দোলনে যোগদানের উদ্দেশ্যে বের হয়েছিলেন। রাজধানীর চাঁনখারপুলে পুলিশের গুলিতে তিনি শাহাদাত বরণ করেন।





