ঢাকা | সোমবার, ৬ জুলাই ২০২৬,২২ আষাঢ় ১৪৩৩

আবাসন সংকট মেটাতে শিক্ষার্থীদের মেস, বাসা, হোটেল খুঁজে দেবে পলাশের ‘ঘর বাড়ি’ অ্যাপ

বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া কিংবা মেস বা বাসা পরিবর্তন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের অন্যতম প্রধান সমস্যা হলো উপযুক্ত আবাসন খুঁজে পাওয়া। বিশেষ করে নতুন শহর ও নতুন পরিবেশে এসে একটি ভালো থাকার জায়গা খোঁজা শিক্ষার্থীদের জন্য বেশ ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। শিক্ষার্থীদের এই দীর্ঘদিনের ভোগান্তি ও কষ্ট লাঘব করতে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক ছাত্র।

বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৪তম আবর্তনের (২০২১-২২ শিক্ষাবর্ষ) ছাত্র আবু পলাশ শিক্ষার্থীদের এই আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে তৈরি করেছেন ‘ঘর বাড়ি’ (Ghor Bari) নামে একটি বিশেষ অ্যান্ড্রয়েড অ্যাপ।

এই অ্যাপটির মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই খুব সহজে বিভিন্ন মেস, বাসা এবং আবাসিক হোটেলের খালি সিট বা রুমের বিস্তারিত তথ্য জানতে পারবেন। অন্যদিকে, মেস মালিক বা মেস মনিটররা খুব সহজেই তাদের মেস বা বাসার ফাঁকা সিটের বিবরণ, ভাড়া এবং লোকেশন অ্যাপটিতে যুক্ত (পোস্ট) করতে পারবেন।

উদ্যোক্তা আবু পলাশ জানান, প্রতি বছরই নতুন শিক্ষার্থীরা ভর্তি হওয়ার পর মেস বা বাসা খুঁজে পেতে চরম ভোগান্তির শিকার হন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপে পোস্ট করেন কিংবা তীব্র রোদে-বৃষ্টিতে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে মেসের খোঁজ করেন। শিক্ষার্থীদের এই সময় ও শ্রমের অপচয় রোধ করতেই তিনি এই অ্যাপটি তৈরি করার সিদ্ধান্ত নেন।

এই অ্যাপের ব্যবহারের ফলে শিক্ষার্থীদের আবাসন খোঁজার চিরাচরিত ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে। এখন থেকে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়া বা সশরীরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর প্রয়োজন ছাড়াই এক ক্লিকেই মিলবে মেসের সন্ধান।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত সময়োপযোগী ও কার্যকরী উদ্যোগ, যা বিশেষ করে নতুন শিক্ষার্থীদের আবাসন সংক্রান্ত দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে।

অ্যাপটি ইতোমধ্যে গুগল প্লে স্টোরে ‘GhorBari’ নামে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা প্লে স্টোরে ‘GhorBari’ লিখে সার্চ করে অথবা নির্ধারিত ডাউনলোড লিংকের মাধ্যমে অ্যাপটি ইনস্টল করতে পারবেন।