জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কর্মকর্তাদের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও ডিজিটাল কার্যক্রমকে আরও গতিশীল করতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর আয়োজনে তিনদিনব্যাপী ‘ডি-নথি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিআইএমের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রশাসনিক কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি বর্তমান সময়ের অপরিহার্য দাবি। তথ্যপ্রযুক্তিনির্ভর প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে ডি-নথি ব্যবস্থার কার্যকর প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার গতি বৃদ্ধিতে ডি-নথি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন। এছাড়াও বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিআইএমের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা জনাব আমিনুর।
তিনদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করছেন।






