ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক ও ছাত্রনেতা সর্বমিত্র চাকমা ‘গুপ্ত স্কুল’ নামে একটি নতুন শিক্ষামূলক প্ল্যাটফর্ম চালু করেছেন তিনি, যা মূলত উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুকদের সহায়তা করার লক্ষ্যে কাজ করবে।
সোমবার (১৫ জুন) তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তার মাধ্যমে তার এই নতুন উদ্যোগের কথা ঘোষণা করেন।
সম্প্রতি দেশের রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে ‘গুপ্ত’ শব্দটির ব্যবহার ও এর সাথে জড়িত বিতর্ক নিয়ে দেশজুড়ে নানা আলোচনা ও উত্তেজনার সৃষ্টি হয়, পরর্তীতে দেশব্যপী রক্তাক্ত পরিস্থিতিতে রূপ নেয়। তবে রাজনৈতিক এই দ্বন্দ্ব ও আলোচনার বাইরে গিয়ে এই ‘গুপ্ত’ শব্দটিকে ভিন্ন আঙ্গিকে এবং ইতিবাচকভাবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরতেই সর্বমিত্র চাকমা তার এই নতুন প্ল্যাটফর্মের নামকরণ করেছেন ‘গুপ্ত স্কুল’।
ভিডিও বার্তায় সর্বমিত্র চাকমা রসাত্মক ভঙ্গিতে শব্দটির ব্যাখ্যা দিয়ে বলেন, ‘গুপ্ত’ শব্দটির উৎপত্তি সংস্কৃত শব্দ ‘গুপ্ত’ থেকে, যার অর্থ লুকানো বা আড়ালে রাখা। দৈনন্দিন জীবনে একাডেমিক ক্ষেত্রেও এর চর্চা দেখা যায়। যেমন অনেক শিক্ষার্থী পড়াশোনা শেষ করার পরও বন্ধুদের কাছে তা প্রকাশ করে না, কিন্তু পরীক্ষার ফলাফলে তারা শীর্ষস্থান অর্জন করে। এই ধরণের একাডেমিক ‘গুপ্ত’ চর্চার দিকটি মাথায় রেখেই স্কুলের এই নামকরণ করা হয়েছে।
এই প্ল্যাটফর্ম থেকে আসন্ন এইচএসসি পরীক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য বাংলা, ইংরেজি ও আইসিটি—এই তিনটি বিষয়ে বিনামূল্যে সাজেশান এবং প্রয়োজনীয় সব ধরণের সহযোগিতা দেওয়া হবে।
উল্লেখ্য, সর্বমিত্র চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন পরিচিত মুখ এবং ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে ডাকসুর সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।






