মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন এখনো না পাওয়ার বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরেছেন একজন সংসদ সদস্য।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ নিয়ে প্লাকার্ড প্রদর্শন করেন।
তিনি স্পিকারকে উদ্দেশ করে বলেন, সংসদে আসার পথে একজন শিক্ষক তাকে ফোন করে জানান, তার মা অসুস্থ হলেও চিকিৎসা করাতে পারছেন না, কারণ মে মাসের বেতন এখনো পাননি।
ওই সংসদ সদস্য আরো বলেন, সরকারি চাকরিজীবীরা সাধারণত মাসের ১–২ তারিখেই বেতন পেয়ে থাকেন। অথচ ঈদ শেষ হয়ে ১৬ দিন হওয়ার পরও মাদরাসা শিক্ষকদের বেতন পাননি। সময়মতো বেতন প্রদান করা হলে শিক্ষকরা উপকৃত হতেন বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় তিনি স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন এবং একই সঙ্গে ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি জানান এর জবাবে স্পিকার তাকে নিয়ম অনুযায়ী নোটিশ পাঠানোর পরামর্শ দেন।







