ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের বিতর্কিত ও কটূক্তিপূর্ণ মন্তব্য দেশের শিক্ষাঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তার বক্তব্যকে ঘিরে উচ্চশিক্ষা, বিশেষ করে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান, মর্যাদা ও অবদান নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়ার মুখে তিনি বক্তব্য প্রত্যাহার করলেও এর রেশ কাটেনি। শিক্ষাবিদ, শিক্ষার্থী ও শিক্ষাঙ্গনে বিষয়টি এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে।
প্রতিমন্ত্রীর কুরুচিপূর্ণ বক্তব্য প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, যেকোনো বিশ্ববিদ্যালয়ের মৌলিক উদ্দেশ্য জনকল্যাণ ও সামাজিক অগ্রগতির জন্য জ্ঞান সৃষ্টি এবং বিতরণের ক্ষেত্রে ‘পাবলিক’ ও ‘প্রাইভেট’ এর মধ্যে কোনো পার্থক্য নেই। পাবলিক ও প্রাইভেট শব্দগুলো মূলত একটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শাসন ও ব্যবস্থাপনা পদ্ধতিকে নির্দেশ করে।
তিনি বলেন, বহু বছর ধরে চলা সংকীর্ণ, অন্ধ-দলীয় এবং সহিংস রাজনীতির কারণে আমাদের জাতি ও সমাজ এমনিতেই গভীরভাবে বিভক্ত এবং সংঘাতময়। নির্দিষ্ট কিছু বিশ্ববিদ্যালয় বা বিশেষ ঘরনার প্রতিষ্ঠানকে লক্ষ্য করে দেওয়া এই ধরনের বিভেদমূলক ও অহংকারী মন্তব্য, দাবি এবং পাল্টা দাবিগুলো জাতি হিসেবে আমাদের আরও বেশি খণ্ডিত, বিভক্ত ও বিচ্ছিন্ন করে।
আমরা সব বিশ্ববিদ্যালয়কে সম্মান করি— পাবলিক, নন-পাবলিক, কেন্দ্রীয়, স্থানীয় কিংবা আঞ্চলিক; এবং আমরা সকলের সাথে অংশীদারিত্ব গড়ে তুলতে চাই।
আমাদের শিক্ষা খাতের সামগ্রিক হতাশাজনক পরিস্থিতির মধ্যেও, সাম্প্রতিক সময়ে আমাদের পাবলিক ও প্রাইভেট উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তর্জাতিকভাবে প্রশংসিত যৌথ গবেষণার বেশ কিছু উৎসাহব্যঞ্জক উদাহরণ রয়েছে; এমনকি তুলনামূলকভাবে নতুন এবং স্থানীয়ভাবে প্রতিষ্ঠিত বেশ কিছু বিশ্ববিদ্যালয়েও সীমিতসংখ্যক কিন্তু অত্যন্ত গবেষণা-সক্রিয় শিক্ষক মণ্ডলী রয়েছেন। আমরা তাঁদের সবাইকে সম্মান করি এবং আমাদের কার্যকরী ও পেশাদার সম্পর্ক এবং নেটওয়ার্ক জোরদার করার প্রতিটি সুযোগ কাজে লাগাতে চাই।
ড. নিয়াজ আহমদ খান বলেন, আত্মতুষ্ট বা অহংকারী শোনানোর কোনো উদ্দেশ্য ছাড়াই, বাস্তবতার নিরিখে আমি বিনীতভাবে উল্লেখ করতে চাই যে, সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বৈশ্বিক র্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানের উন্নতির জন্য আমরা ক্রমাগত প্রচেষ্টা চালিয়েছি এবং কিছু ভালো ফলও পেয়েছি— যদিও এখনও অনেক পথ বাকি।
ববি হাজ্জাজের মন্তব্য নিয়ে তিনি বলেন, যিনি এই মন্তব্যের সূত্রপাত করেছিলেন, তিনি ইতোমধ্যে তাঁর বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন এবং অন্য যারা ঢালাও প্রতিক্রিয়া জানিয়েছিলেন, তারাও তাদের ব্যাখ্যা দিয়েছেন; তারা সবাই আমাদের কমিউনিটির সহকর্মী ও সদস্য। এবার সামনের দিকে তাকাই আমাদের অনেক কাজ বাকি এবং পরস্পরের হাত ধরে রাখা জরুরি।




