ঢাকা | সোমবার, ২৫ মে ২০২৬,১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

নজরুল জয়ন্তীর বিভাগীয় প্রতিযোগিতায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্যভিত্তিক প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত এসব প্রতিযোগিতায় সংগীত, নৃত্য, হামদ-নাত, রচনা ও বইপাঠ বিভাগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উল্লেখযোগ্য কৃতিত্ব প্রদর্শন করেন।

রবিবার (২৪ মে) ময়মনসিংহের ত্রিশালে কাজী নজরুলের আশ্রয়দাতা বিচুতিয়া বেপারির বাড়ি (বর্তমান নজরুল স্মৃতিকেন্দ্র) ও কাজির শিমলায় এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় পর্যায়ের নজরুল সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সংগীত বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী জয়দ্বীপ পাল। হামদ-নাতে প্রথম হন একই বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী সাফফাত ইসলাম শিহাব এবং নৃত্যে প্রথম স্থান অর্জন করেন ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী অরিত্র নিভা দে।

এছাড়া ময়মনসিংহ বিভাগীয় গ্রন্থাগার কর্তৃক আয়োজিত রচনা ও বইপাঠ প্রতিযোগিতায় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার রনি রচনা প্রতিযোগিতায় প্রথম এবং বইপাঠ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জয়দ্বীপ পাল বলেন, নজরুলের গান শুধু সংগীত নয়, এটি চেতনা, প্রেম ও বিদ্রোহের এক অসাধারণ প্রকাশ। নজরুল জয়ন্তীর মতো একটি আয়োজনে প্রথম হতে পেরে আমি ভীষণ অনুপ্রাণিত। দীর্ঘদিনের অনুশীলন ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতার ফল আজকের এই অর্জন।

নৃত্যে প্রথম হওয়া অরিত্র নিভা দে বলেন, নৃত্য আমার আবেগ ও ভালোবাসার জায়গা। নজরুল জয়ন্তীতে নজরুলের সৃষ্টিকে নৃত্যের মাধ্যমে উপস্থাপন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। ভবিষ্যতেও শিল্প-সংস্কৃতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও সুন্দরভাবে প্রতিনিধিত্ব করতে চাই।

এছাড়াও শাহরিয়ার রনি বলেন, রচনা প্রতিযোগিতায় প্রথম এবং বইপাঠ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করা আমার জীবনের একটি স্মরণীয় মুহূর্ত। এই অর্জন আমাকে অনেক আনন্দ ও আত্মবিশ্বাস দিয়েছে। বিশেষ করে রচনা প্রতিযোগিতায় প্রথম হওয়ায় মনে হয়েছে আমার পরিশ্রম ও সৃজনশীলতা সার্থক হয়েছে। অন্যদিকে বই পাঠ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন আমাকে আরও বেশি বই পড়তে উৎসাহিত করেছে। এই সাফল্যের পেছনে আমার শিক্ষক, অভিভাবক, সিনিয়র ভাই আপু ও বন্ধুদের অনুপ্রেরণা অনেক বড় ভূমিকা রেখেছে।

শিক্ষার্থীদের সাফল্যের বিষয়ে সংগীত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুশান্ত কুমার সরকার বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা ও শিল্পভাবনা ধারণ করেই আমাদের শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে। বিভাগীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সাফল্য অত্যন্ত গর্বের বিষয়।