ফিলিস্তিনি ছাত্রীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে আর্থিক সহায়তার হাত বাড়িয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং ফিলিস্তিন দূতাবাসের সঙ্গে ব্যাংকটির একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের উপস্থিতিতে এই চুক্তি সম্পন্ন হয়। সমঝোতা স্মারকের আওতায় ইসলামী ব্যাংক ১২ জন ফিলিস্তিনি ছাত্রীর আগামী ৫ শিক্ষাবর্ষের আবাসন, জীবনধারণ ও অন্যান্য আনুষঙ্গিক খরচের জন্য সম্পূর্ণ আর্থিক পৃষ্ঠপোষকতা প্রদান করবে।
অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান, ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামালউদ্দীন জসীম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।
এ সময় ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আলফেছানী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সী শামসউদ্দিন আহমেদ, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. সৈয়দা রোজানা রশীদ, ফিলিস্তিন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জিয়াদ হামাদ এবং ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামানসহ বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।








