রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের আহ্বানে পরিচালিত অভিযানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, মেয়াদোত্তীর্ণ ও বাসি খাবার সংরক্ষণ, অপরিচ্ছন্ন পরিবেশ, খাদ্য সংরক্ষণে অনিয়ম এবং অনুমোদনহীন উপাদান ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। এ সময় বাসি খাবার, ক্ষতিকর ফুড কালার এবং কালিযুক্ত কাগজের প্যাকেট জব্দ করা হয়।

অভিযানে ফটিক জলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। চারু আড্ডা, বাইটস অ্যান্ড ব্রিউ, লাইফ বেকারি এবং রুয়েট ক্যাফেটেরিয়াকে ২ হাজার টাকা করে সতর্কতামূলক জরিমানা করা হয়। এছাড়া খাবারে পোকা পাওয়াসহ নানা অনিয়মের কারণে বাংলা টিফিন ক্যান্টিনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।শহীদুলের টং থেকে কালিযুক্ত কাগজের প্যাকেট জব্দ করে সতর্ক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহী, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিক এবং বিএসটিআইয়ের ইনস্পেক্টিং অফিসার ইঞ্জিনিয়ার জোনায়েদ আহমেদ। রুয়েট প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার।
ফজলে এলাহী বলেন, “রুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের খাদ্য গ্রহণের বিভিন্ন স্থান পরিদর্শন করা হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানে নিয়মের ব্যত্যয় পাওয়া গেছে। তাদের সতর্কতামূলকভাবে আর্থিক জরিমানা করা হয়েছে।”
ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার বলেন, “উপাচার্যের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার নিশ্চিত করা রুয়েট প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”
তিনি শিক্ষার্থীদের যেকোনো খাদ্যসংক্রান্ত সমস্যা বা অভিযোগ দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানান।
অভিযানকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। তবে তারা খাবারের মান তদারকিতে এ ধরনের উদ্যোগ নিয়মিত ও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।









