ঢাকা | শুক্রবার, ১২ জুন ২০২৬,২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষায় পাসের হার ৮০ শতাংশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ৩৬ শতাংশ। গত ২৫ এপ্রিল এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রোববার (৩ মে) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এ ফল প্রকাশ করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৩ লাখ ৬৪ হাজার ১৩৫ জন। ভর্তি পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ২৯ হাজার ৭৬৫ জন। প্রথম মেধা তালিকায় মানবিক বিভাগের পরীক্ষার্থী ১ লাখ ১৩ হাজার ৩৯৪ জন। বিজ্ঞান বিভাগের ৬৫ হাজার ৩৩৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের রয়েছে ৫১ হাজার ৩৪ জন পরীক্ষার্থী।

এসএমএসের মাধ্যমে ফল জানতে: nuathnAplication ID টাইপ করে 16222 নম্বরে send করতে হবে। অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষযক ওয়েবসাইটের Honour’s Tab এ গিয়ে Admission Test Result অপশনে যেতে হবে। এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এর Prospectus (Honours)/Important Notice অপশন থেকে পাওয়া যাবে।

ফল প্রকাশের সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম এবং বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।