আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে শেষ করতে সার্বিক সহযোগিতা চেয়ে মন্ত্রী ও সংসদ সদস্যদের চিঠি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া নকল বন্ধে দেশের বিভাগীয় শহরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে শিক্ষামন্ত্রীর সফরেরও পরিকল্পনা রয়েছে।
চিঠিতে শিক্ষামন্ত্রী লিখেছেন, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত করার জন্য শিক্ষা মন্ত্রণালয় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রণীত মাধ্যমিক পরীক্ষায় নকল প্রতিরোধ ‘পাবলিক পরীক্ষাগুলো (অপরাধ) আইন ১৯৮০’ বাস্তবায়ন এবং এ আইনকে সময়োপযোগী করে সংশোধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা পরীক্ষায় নকল ও প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে বদ্ধপরিকর। জাতীয় গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতা অত্যন্ত জরুরি।
এ পরিপ্রেক্ষিতে আপনার নির্বাচনী এলাকার সব পরীক্ষা কেন্দ্রে নকলমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ, প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ, পরীক্ষা কেন্দ্রের আশপাশে অবৈধ জমায়েত নিয়ন্ত্রণ, কোচিং সেন্টার বন্ধ সংক্রান্ত সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপনার আন্তরিক সহযোগিতা কামনা করছি।
চিঠিতে আরও বলা হয়, আপনার বলিষ্ঠ নেতৃত্ব ও সার্বিক সহযোগিতার মাধ্যমে এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে





