শেষ দিনে ১০ ওভার খেলে ইনিংস ঘোষণা করে দিল ওয়েস্ট ইন্ডিজ। এই ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে তারা করল আরও ৫৩ রান। ফলে বাংলাদেশের সামনে দাঁড়াল ৩৬৯ রানের লক্ষ্য।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন ৬ উইকেটে ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৩০ রানে পিছিয়ে থাকায় তাদের লিড দাঁড়িয়েছে ৩৬৮ রান।
ম্যাচ জিততে এখন শেষ দিনের ৭৮ ওভারে করতে ৩৬৯ রান করতে হবে বাংলাদেশের। টেস্ট ক্রিকেটের বিবেচনায় যা প্রায় অসম্ভব পর্যায়ের চ্যালেঞ্জ।
সেই চ্যালেঞ্জ ম্যাচ জিততে হলে বাংলাদেশকে গড়তে হবে নিজেদের রেকর্ড। এর আগে কখনও ২১৫ রানের বেশি তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই সেটি করেছিল তারা।
৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে শেষ দিন শুরু করে ক্যারিবিয়রা। দিনের শুরুতেই নাঈম হাসানের বলে ক্যাচ আউট হন আগের দিনের সেঞ্চুরিয়ান কাভেম হজ। এদিন আর মাত্র ২ রান করতে পারেন তিনি।
সব মিলিয়ে ১৭ চার ও ১ ছক্কায় ১৯৪ বলে ১৪২ রান করেন হজ।
এরপর জাস্টিন গ্রেভসকে এলবিডব্লিউ করেন মেহেদী হাসান মিরাজ। দ্রুত রান তোলার চেষ্টায় রস্টন চেইসের আগে নেমে সুবিধা করতে পারেননি শামার জোসেফ। নাঈমের বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হন তিনি।
তবে আট নম্বরে নেমে ঝড় তোলেন জশুয়া বিশপ। এক চারের সঙ্গে দুইটি ছক্কা মেরে ১১ বলে ২০ রান করেন তিনি। অন্যপ্রান্তে ৩৯ রানে অপরাজিত থাকেন আমির জাঙ্গু।
বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট পান তিন স্পিনার মিরাজ, নাঈম ও তাইজুল ইসলাম।





