ঢাকা | বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,১৯ ভাদ্র ১৪৩৩

মেসির সম্মানে ১০ মিনিটে ‘থেমে যাবে’ সব খেলা

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির অবসর যেন একটি সোনালি অধ্যায়ের সমাপ্তি। তার বিদায়কে স্মরণীয় করে রাখতে এবার দেশটির সব স্তরের ফুটবলে বিশেষ শ্রদ্ধা জানানোর উদ্যোগ নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

চলতি সপ্তাহের শেষ পর্যন্ত আর্জেন্টিনার পুরুষ ও নারী ফুটবলের সব বিভাগের ম্যাচে মেসির সম্মানে এক মিনিট করতালির আয়োজন করা হবে বলে বিবৃতিতে জানিয়েছে এএফএ। ফুটবল ছাড়াও ফুটসাল ও বিচ সকারের ম্যাচও থাকবে এই কর্মসূচির আওতায়।

এএফএর সিদ্ধান্ত অনুযায়ী, ম্যাচের প্রথমার্ধের ১০ মিনিট পূর্ণ হওয়ার পর খেলা থামিয়ে এক মিনিট ধরে করতালি দেওয়া হবে। মেসির জাতীয় দলের জার্সিতে ব্যবহৃত ঐতিহাসিক ১০ নম্বরের প্রতি সম্মান জানাতেই বেছে নেওয়া হয়েছে এই সময়টি।

মেসির প্রতি এমন শ্রদ্ধা এরই মধ্যে দেখা গেছে কোপা আর্জেন্টিনার ম্যাচে। বোকা জুনিয়র্স ও ভেলেস সার্সফিল্ডের ম্যাচে মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে উপস্থিত সবাই করতালির মাধ্যমে আর্জেন্টিনার কিংবদন্তিকে সম্মান জানান।

এএফএর পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে আরও বলা হয়েছে, যেসব স্টেডিয়ামে বড় পর্দা রয়েছে, সেখানে ম্যাচ শুরুর আগে অ্যাসোসিয়েশনের তৈরি একটি প্রাতিষ্ঠানিক ভিডিও প্রদর্শন করতে হবে।

শুধু মাঠের খেলোয়াড়েরাই নন, গ্যালারির দর্শকদেরও এই আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। করতালি, উল্লাস, পতাকা ও মেসিকে ঘিরে গান- সবকিছুর মধ্য দিয়েই আর্জেন্টাইন ফুটবল পরিবার তাদের প্রিয় তারকাকে বিদায় জানাবে।

জাতীয় দলের হয়ে মেসিই আর্জেন্টিনার সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোল করা খেলোয়াড়। ৩৯ বছর বয়সী এই তারকা এখন পর্যন্ত আলবিসেলেস্তেদের হয়ে খেলেছেন ২০৭ ম্যাচ, গোল করেছেন ১২৫টি।

গত সোমবার সামাজিক মাধ্যমে আবেগঘন এক চিঠির মাধ্যমে জাতীয় দল থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত জানান মেসি। সেখানে নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করার পাশাপাশি আর্জেন্টিনার মানুষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

দেশের মাটিতে মেসির আনুষ্ঠানিক বিদায় হবে কি না, সেটি এখনও নিশ্চিত নয়। তবে আর্জেন্টিনার ফুটবল সমাজ যে তাকে যথাযোগ্য সম্মান জানাতে প্রস্তুত- এএফএর এই উদ্যোগেই তার স্পষ্ট ইঙ্গিত মিলছে।