ঢাকা | শুক্রবার, ১২ জুন ২০২৬,২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

০/৩—অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস!

০ রানেই ৩ উইকেট নেই অস্ট্রেলিয়ার! স্কোরকার্ডে চোখ রাখলে মনে হবে আপনি ভুল দেখছেন হয়তো। তবে পাঠক, আপনি ঠিকই দেখছেন। এটাই বাস্তব।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়া ওয়ানডে খেলেছে ১০২৪টি। এর আগে কেবল দুবারই দলটির দুই ওপেনারই আউট হয়েছিলেন ডাক মেরে। প্রথমটি ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, পরেরটি ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে। আজ ম্যাথু শর্ট ও কনোলিকে শূন্য রানে ফিরিয়ে তৃতীয় ঘটনাটি ঘটাল বাংলাদেশ।

টানা দুই ম্যাচে টস হারলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে টস ভাগ্যের আক্ষেপটা অবশ্য বেশিক্ষণ থাকল না। রানের খাতা খোলার আগেই তিন উইকেটের পতন হয়ে গেছে সফরকারী অস্ট্রেলিয়ার!

ওয়ানডে ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়া মাত্র চতুর্থ দল হিসেবে ইনিংসের প্রথম ৩ উইকেট হারাল কোনো রান যোগ হওয়ার আগেই। এর আগে এমন ঘটনা ঘটেছিল মাত্র তিনবার। আগের তিন ঘটনার সর্বশেষটি ছিল আবার বাংলাদেশের। ২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের প্রথম তিন ব্যাটসম্যানকে পরপর তিন বলে ফিরিয়ে দিয়েছিলেন পেসার চামিন্দা ভাস। ম্যাচের প্রথম তিন বলেই হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছিলেন তিনি।