ঢাকা | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬,৪ বৈশাখ ১৪৩৩

এবার বুলবুলের ‘ব্লক’ লিস্টে তামিম

বিসিবির সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কোনো নিউজ পছন্দ না হলেই সেই সাংবাদিকের ফোন নাম্বার ব্লক করে রাখতেন। অসংখ্য সিনিয়র সাংবাদিককেও ব্লক করেছেন তিনি। মূলত তার মতের বিরুদ্ধে গেলেই তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্লক করেন বুলবুল।

এবার বিসিবির বর্তমান এডহক কমিটির সভাপতি তামিম ইকবালকেও ব্লক করে রেখেছেন তিনি। আজ বৃহস্পতিবার বাংলাদেশের সাবেক ও বর্তমান অধিনায়কদের ‘ক্যাপ্টেন্স কার্ড’ তুলে দেওয়া হয়। সেখানে দেওয়া বক্তব্যে তামিম জানান এই অনুষ্ঠানের জন্য বুলবুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, তখন দেখেন তিনিও ব্লক লিস্টে।

তামিম বলেন, ‘এখানে যেসব অধিনায়ক আসতে পারেননি সবার সঙ্গেই যোগাযোগ করেছি আমি। আমি মাশরাফি ভাই, সাকিব, ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলেছি। আমি বুলবুল ভাইকে কল করেছি, ওনাকে মেসেজ পাঠিয়েছি তারপর বুঝতে পারলাম যে আমিও ব্লকলিস্টে।’

শেষে অনুপস্থিত অধিনায়কদের উদ্দেশে তামিম বলেন, ‘এই কার্ডগুলো আপনাদের জন্য প্রস্তুত আছে। যখনই দেশে থাকবেন, সময় পেলেই এসে নিয়ে যাবেন। এটা সবসময় বিসিবিতে আপনাদের জন্য থাকবে। বাংলাদেশ ক্রিকেটে আপনাদের অবদান অসীম।’