ঢাকা কলেজের আখতারুজ্জামান ইলিয়াস হলে আবাসিক শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ কালে বহিরাগত এই যুবককে আটক করা হয়। আজ শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা তাকে আটক করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ দুপুরে হলের আবাসিক এক শিক্ষার্থী ওয়াশরুমে গোসলের সময় বহিরাগত একজনকে ভিডিও ধারন করতে দেখেন। এক পর্যায়ে কয়েকজন শিক্ষার্থী তাকে আটক করে জেরা করেন।আটককৃত যুবক প্রথমে নিজেকে সিটি কলেজের প্রফেশনাল কোর্সের শিক্ষার্থী দাবি করেন এবং তার হরমোনে সমস্যা আছে বলে অজুহাত দেন। পরে শিক্ষার্থীদের জেরার মুখে জানান তিনি বিইউপির শিক্ষার্থী।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমাদের আবাসিক হলে এরকম একটা জঘন্য এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, তা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। হলে প্রবেশ করে ওয়াশরুমের মতো ব্যক্তিগত ও স্পর্শকাতর জায়গায় এভাবে একজন বহিরাগত ঢুকে ভিডিও ধারণ করে এটা আমাদের চরম নিরাপত্তাহীনতার সামিল।
এই বিষয়ে আখতারুজ্জামান ইলিয়াস হলের প্রাধ্যক্ষ মোঃ ইকবাল হোসাইন বলেন, বহিরাগত একজনকে হলের আবাসিক শিক্ষার্থীদের গোসলের ভিডিও ধারন করার সময় কয়েকজন শিক্ষার্থী তাকে আটক করে। তখন শিক্ষার্থীরা কলেজ প্রশাসনকে অবগত করেন। পরে কলেজ প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী এবং তার অভিভাবকে অবগত করে। সে যে ভিডিওটা করছে, এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে স্বীকারোক্তি দিয়েছে।
তিনি আরো জানান, তার অভিভাবক তার মানসিক সমস্যার কথা জানান। তবে তাকে থানায় সোপার্দ করা হয়েছে নাকি অভিভাবকের কাছে সোপার্দ করা হয়েছে, এই বিষয়ে নিশ্চিত করেননি।
জানা যায় সে সিটি কলেজ থেকে অনার্স এবং বিইউপি থেকে মাস্টার্স করেছে।






