গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশে হামলা এবং সংঘর্ষের ঘটনার সেই রেশ এখনো কাটেনি। এরমধ্যে সম্প্রতি বিএনপির এক সংসদ সদস্যসহ (এমপি) কয়েকজনের বাড়িতে হামলা, ভাঙচুর, থানাতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি মোকাবিলায় জেলার গুরুত্বপূর্ণ স্থানে দুই ব্যাটালিয়ন (৫৮ প্লাটুন) বিজিবি মোতায়েন করা হয়েছে। এমন পরিস্থিতিতেও গোপালগঞ্জ যাওয়ার কথা ভাবছে এনসিপি। প্রশাসনের উচ্চপর্যায়ের ‘সম্মতি’ পেলে ডিসেম্বরেই জেলাটিতে সমাবেশ করবেন বলে জানা গেছে।
সূত্রমতে, নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী ৩৯ দিনের ঘোষিত কর্মসূচির বাস্তবায়নে জোরাল প্রস্তুতি নিচ্ছে এনসিপি। ইতোমধ্যে দেশের ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশের আংশিক শিডিউল প্রকাশ করেছে জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা দলটি। কর্মসূচি থেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করাসহ সুনির্দিষ্ট পাঁচ দাবি জানানো হবে।
এনসিপি জানিয়েছে, আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী ধারাবাহিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গেও একাত্ম হয়ে কর্মসূচি পালন করবে এনসিপি। একইসঙ্গে গণভোটের রায় বাস্তবায়নের শর্তে প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয় ঐক্যের আহ্বানেও ইতিবাচক সাড়া দেওয়ার পরিকল্পনা তাদের।
বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশের প্রসঙ্গে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, ‘৫ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি ঠিক করা হয়েছে। সারা দেশের পূর্ণাঙ্গ শিডিউল রোববারের (২২ নভেম্বর) মধ্যে ঠিক করা হবে। এসব কর্মসূচিতে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।’
কর্মসূচিতে গোপালগঞ্জ রাখা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে সারোয়ার তুষার বলেন, ‘অবশ্যই। দেশের সব জেলায় ধারাবাহিক প্রতিবাদ সমাবেশ করার পরিকল্পনা রয়েছে। গোপালগঞ্জে যেহেতু একটা বিশেষ পরিস্থিতি চলছে, সব কিছু বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছে, থানা নেই। তাই ৫ ডিসেম্বরের পর আমরা প্রশাসনের সঙ্গে উচ্চপর্যায়ের সঙ্গে কথা বলব। তারা যদি বলে পরিস্থিতি স্বাভাবিক আছে, তাহলে আমরা ওখানে সমাবেশ করব।’
পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান সারোয়ার তুষার।
এর আগে, ২০২৫ সালে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘১৬ জুলাই: মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনা ঘটে। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে অনুষ্ঠিত এ আয়োজনে শহরের পৌর পার্কে এনসিপির সমাবেশস্থলে দুপুরের দিকে প্রথমবার হামলা চালানো হয়। সমাবেশ শেষ করার পর দ্বিতীয় দফায় ভাঙচুর ও বোমা হামলার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় জেলায় ১৪৪ ধারা জারি করা হয়। সমাবেশ শেষে ফেরার পথে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরও হামলার মুখে পড়ে। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার মুখে পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন এনসিপি নেতৃবৃন্দ। পরে সেনাবাহিনীর সাঁজোয়া যানে (এপিসি) করে তারা গোপালগঞ্জ ছাড়েন। এ সমাবেশ ঘিরে হামলা–সংঘর্ষে চারজন নিহত হন। এরপর গোপালগঞ্জে আর রাজনৈতিক কর্মসূচি দেয়নি এনসিপি।




