ঢাকা | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,২৯ আশ্বিন ১৪৩৩

প্রশ্ন ফাঁসের ঘটনায় দুঃখপ্রকাশ: দৃষ্টান্তমূলক ব্যবস্থার হুঁশিয়ারি

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, মন্ত্রণালয়ের ভেতরে কিংবা বাইরে, যেই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না।

বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, আগামী ১৭ অক্টোবর সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ৮টি ক্যাটাগরিতে ১৫ জনের হাতে ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড তুলে দেবেন। একই অনুষ্ঠানে প্রকল্পভিত্তিক অনুদানও দেয়া হবে।

তিনি বলেন, নতুন বাংলাদেশ বাস্তবায়নে তরুণদের শক্তি ও নেতৃত্বকে কাজে লাগানোর বিকল্প নেই। সমাজের জন্য বহু তরুণ নিঃস্বার্থভাবে কাজ করছেন। রাষ্ট্র যে তাদের মেধা ও কাজের স্বীকৃতি দেয়, সেই বার্তা দিতেই এ অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে। প্রতিজন বিজয়ী পাবেন এক লাখ টাকার প্রাইজবন্ড, সম্মাননা ক্রেস্ট ও রাষ্ট্রীয় সনদ।

আমিনুল হক জানান, স্বচ্ছতার সঙ্গে অ্যাওয়ার্ডের জন্য বিজয়ীদের মনোনীত করা হয়েছে। এ ছাড়া সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে ৪৩২টি যুব সংগঠনের জন্য ৩ কোটি ৫৭ লাখ টাকার অনুদান চূড়ান্ত করা হয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় মর্মাহত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের ভোগান্তির জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন। কীভাবে প্রশ্নফাঁস হয়েছে, কারা জড়িত এবং এর পেছনে কোন চক্র রয়েছে, তা জানতে সিআইডির ফরেনসিক টিম, ডিজিএফআই ও এনএসআই কাজ করছে।

তিনি বলেন, তদন্ত কমিটি রোববার পর্যন্ত সময় চেয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার ভিত্তিতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে, যাতে এ ব্যবস্থা অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকে।

ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকার সচেষ্ট রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি নিজেই তদারকি করছেন।