ঢাকা | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,৮ আশ্বিন ১৪৩৩

চুয়েটে ভিসিকে পুনর্বহালের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি, শাটডাউন অব্যাহত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন তারা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে শুরু হওয়া এ কর্মসূচিতে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে অংশ নেন। গণস্বাক্ষরের সময় প্রত্যেকে নিজেদের শিক্ষার্থী আইডি নম্বর উল্লেখ করে স্বাক্ষর করেন। সংগৃহীত স্বাক্ষর পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

কর্মসূচিতে অংশ নেওয়া যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারহান হাসনাত আদিব বলেন, গত ২১ সেপ্টেম্বর কোনো নোটিশ ছাড়াই অধ্যাপক আবু সাদাত সায়েমকে উপাচার্যের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর প্রতিবাদে ওই রাতেই তারা বিক্ষোভ মিছিল করেন। পরদিন ২২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনের দ্বিতীয় দিনে তারা গণস্বাক্ষর কর্মসূচি পালন করছেন।

তিনি বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে।’

এর আগে ২১ সেপ্টেম্বর রাতে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদ থেকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

পরে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেন।