ঢাকা | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,৩ ভাদ্র ১৪৩৩

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের চিন্তা রয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের জন্য আলাদা স্বতন্ত্র পে-স্কেল করা, সেটা কম হোক বা বেশি হোক- সেই চিন্তা আমাদের রয়েছে। শিক্ষকদের সঙ্গে কারো তুলনা হয়না।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে ‘খেলায় খেলায় শিখি’ তথ্যপুস্তক পর্যালোচনা কর্মশালায় এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্কুলমুখী করতে স্কুল ড্রেস, মিডডে মিল কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। আগামীতে দেশের সব উপজেলা মিডডে মিল কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ নামক দুটি নতুন পাঠ্যবই যুক্ত করা হচ্ছে। এছাড়া ৬ষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি, ২০২৮ খ্রিষ্টাব্দে থেকে প্রথম শ্রেণির কারিকুলামে খেলাধুলা বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে । মন্ত্রী এসময় আমাদের দেশীয় খেলাগুলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রসারের ওপর গুরুত্ব আরোপ করেন।

মন্ত্রী আরো বলেন, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের অভাব রয়েছে। এই সমস্যা নিরসনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে ‘রিটায়ার্ড টিচার্স পুল’ গঠন করা যেতে পারে।

মন্ত্রীর এসময় আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিশুদেরকে আনন্দময় শিক্ষা দিতে হবে যাতে শেখার আগ্রহ আসে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সবাইকে একত্রে কাজ করতে হবে।