বরিশালের গৌরনদী উপজেলার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের রুটিতে ব্লেড পাওয়ার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটিত হয়েছে। পুলিশের তদন্তে জানা গেছে, ওই ঘটনার পেছনে রুটি সরবরাহকারী প্রতিষ্ঠানের কোনো গাফিলতি ছিল না বরং ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক শিক্ষার্থী নিজেই শিক্ষকের বকাবকি থেকে বাঁচতে ব্যাগ থেকে ব্লেডটি রুটির ভেতর লুকিয়ে রেখেছিল।
এদিকে, ঘটনাটির সত্যতা যাচাই না করে ব্লেডসহ রুটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে বিদ্যালয়ের শ্রেণিশিক্ষিকা শারমিন জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে তদন্ত কমিটির আহ্বায়ক ও গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের কাছে এই সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জমা দেন।
ইউএনও মো. ইব্রাহীম জানান, ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন এবং সরকারের ভাবমূর্তি রক্ষার বিষয়টি ছিল তদন্তের অন্যতম চ্যালেঞ্জ। তদন্তে রুটি সরবরাহকারী প্রতিষ্ঠানের কোনো গাফিলতি বা উৎপাদন প্রক্রিয়ায় ব্লেড ঢুকে যাওয়ার প্রমাণ পাওয়া যায়নি।
তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্ত দল রুটি উৎপাদনকারী কারখানা সরেজমিনে পরিদর্শন করে। উৎপাদনের প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করা হয় এবং পরীক্ষামূলকভাবেও দেখা হয়, কোনো অবস্থাতেই কারখানা থেকে একটি অক্ষত ব্লেড রুটির ভেতরে চলে আসা সম্ভব নয়।
পরে তদন্তের পরিধি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দিকেও বিস্তৃত করা হয়। সংশ্লিষ্ট শিক্ষার্থীর পরিবারের ব্যবহৃত ব্লেড সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হয় এবং একই ধরনের একটি ব্লেড উদ্ধার করা হয়।






