ঢাকা | বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,১৬ আশ্বিন ১৪৩৩

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত‍্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত‍্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি যেকোনো সময় পদত্যাগপত্র জমা দিতে পারেন। আজ বৃহস্পতিবারই পদত্যাগপত্র জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

এর আগে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে বেসরকারি মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের কার্যালয় গুঁড়িয়ে দেয়ার ঘটনায় একজন সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তদন্তাধীন।

তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে কাউকে ছাড় দেয়া হবে না। এরপরেই মিষ্টিকে প্রধানমন্ত্রীর তরফে পদত্যাগের নির্দেশের বিষয়টি সামনে এলো।

এদিকে ফেরদৌস আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। গতকাল রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। কমিটি বিলুপ্তির পরপরই তার দল ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

দলীয় সূত্র বলছে, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় ফেরদৌস আহমেদ মিষ্টির পদত্যাগের সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে।