ঢাকা | শনিবার, ৩০ মে ২০২৬,১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

নিজের নাম বদলালেন উপদেষ্টা আসিফ নজরুল

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের নাম এখন থেকে প্রশাসনিকভাবে ‘আসিফ নজরুল’ লেখা হবে। অন্তর্বর্তী সরকারে আইন উপদেষ্টার দায়িত্ব পালন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকতা চাকরি থেকে ডেপুটেশনে থাকা এই অধ্যাপকের সকল একাডেমিক, এনআইডি ও জন্মনিবন্ধন সনদ এবং পাসপোর্টে ‘মো. নজরুল ইসলাম’ নাম সংশোধন করেছেন। পরে বিশ্ববিদ্যালয়ের কাছে সংশোধনের সব কপি জমা দিলে গত মাসে অনুষ্ঠিত সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এই সংশোধনী অনুমোদন দেওয়া হয়। পরে গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে তার নাম সংশোধিত করে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একাডেমিক ও প্রশাসনিক কাজে মো. নজরুল ইসলাম ব্যবহার করতেন আসিফ নজরুল। তবে ব্র্যাকেটে তিনি আসিফ নজরুল লিখতেন। তাছাড়া, পত্র-পত্রিকায় লেখালেখি, বিভিন্ন অনুষ্ঠানে এমনকি উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরও সেখানে আসিফ নজরুল নামেই লিখতেন তিনি।

জানা যায়, এতদিন তার একাডেমিক সনদ, এনআইডি ও জন্মনিবন্ধন সনদ এবং পাসপোর্টে ‘মো. নজরুল ইসলাম’ নাম ছিল। ফলে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কাজে মো. নজরুল ইসলাম লেখা হত। চলতি বছরের মাঝামাঝি সময়ে তিনি এইচএসসি ও এসএসসির সনদের নাম সংশোধিত করে মো. নজরুল ইসলাম থেকে আসিফ নজরুল করার আবেদন করলে ঢাকা শিক্ষাবোর্ড থেকে এই নামের সংশোধন করে বিজ্ঞপ্তি জারি করেছিল।