রাজধানীর সদরঘাটের পাইকারি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি জানান, সকাল ৮টা ৫ মিনিটে সদরঘাটের পাইকারি বাজারে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পৌঁছে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়নি বলেও নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।






