ঢাকা | মঙ্গলবার, ৯ জুন ২০২৬,২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘নোবেল শান্তি পুরস্কার চাইলে আগে ট্রাম্পকে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে’

যদি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সত্যিই নোবেল শান্তি পুরস্কার জিততে চান, তবে তাঁকে গাজার যুদ্ধ বন্ধ করতে হবে। এমনই মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন। নিউইয়র্ক থেকে ফ্রান্সের বিএফএম টিভির সাথে কথা বলার সময় ম্যাক্রোঁন বলেন, যুদ্ধ শেষ করতে ইসরাইলের ওপর চাপ দেওয়ার ক্ষমতা একমাত্র ট্রাম্পেরই রয়েছে। তিনি এক্ষেত্রে আমাদের চেয়ে বেশি কিছু করতে পারেন। কারণ আমরা এমন অস্ত্র সরবরাহ করি না যা গাজায় যুদ্ধ চালানোর জন্য ব্যবহৃত দেয়। আমরা এমন কোনো সামগ্রী সরবরাহ করি না, যা গাজায় যুদ্ধ চালানোর সুযোগ করে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র তা করে।’

এর আগে একই দিন জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া এক ভাষণে ট্রাম্প পশ্চিমা মিত্রদের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপের বিরোধিতা করেন। তার মতে, এটি হামাসকে পুরস্কৃত করার সমান। তবে একই ভাষণে তিনি শান্তির কথা বলছিলেন। ট্রাম্প বলেন, ‘আমাদের অবশ্যই গাজায় অবিলম্বে যুদ্ধ থামাতে হবে। আমাদের অবিলম্বে শান্তি আলোচনা শুরু করতে হবে।’ ট্রাম্পের বক্তৃতা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ম্যাক্রোঁন বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্টকে দেখি, যিনি সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন। আজ সকালে পডিয়াম থেকে তিনি পুনরায় বলেছেন, “আমি শান্তি চাই। আমি সাতটি সংঘাত সমাধান করেছি। তিনি নোবেল শান্তি পুরস্কার চান। নোবেল শান্তি পুরস্কার শুধু তখনই সম্ভব, যদি আপনি এই সংঘাত (গাজা যুদ্ধ) বন্ধ করেন।’

কাম্বোডিয়া, ইসরাইল, পাকিস্তানসহ কয়েকটি দেশ ট্রাম্পকে এ বছর নোবেল পুরস্কার দেওয়ার জন্য মনোনয়ন দিয়েছে। ট্রাম্প নিজেও দাবি করেছেন, তার চারজন পূর্বসূরি এই পুরস্কার পেলেও, এটি তারই প্রাপ্য। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, ‘যাঁরা জাতিসংঘে উপস্থিত ছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প শান্তির জন্য একাই তাঁদের সবার চেয়ে বেশি কাজ করেছেন। শুধু এই প্রেসিডেন্টই বিশ্বে স্থিতিশীলতার জন্য এত কিছু অর্জন করতে পেরেছেন।’

সূত্র: রয়টার্স