রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কের বিনোদপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম মো. ইফতেখারুল ইসলাম (২৪)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঢাকার নিউমার্কেট এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতেখারুল তার এক সহপাঠীর সঙ্গে মোটরসাইকেলে বিনোদপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা হঠাৎ ইউটার্ন নেওয়ার সময় ব্রেকফেল করে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন ইফতেখারুল। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয় জনতা অটোরিকশা চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, “আমরা অটোরিকশা চালককে আটক করেছি। সড়ক পরিবহন আইনে তার বিরুদ্ধে মামলা হবে।”
রাবির ইংরেজি বিভাগের সভাপতি ড. মো. মনিমুল ইসলাম জানান, মোটরসাইকেলে থাকা দুজনই বিভাগের শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় পিছনে বসা ইফতেখারুল পড়ে গিয়ে প্রাণ হারান।






