ঢাকা | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,৪ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, কল দিয়ে প্রক্টরকে ক্যাম্পাস বন্ধের হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের (মেইন গেট) সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও একটি ককটেল পাওয়া গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

এর আগে রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে মুঠোফোনের হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমানকে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ক্যাম্পাস বন্ধ রাখার হুমকি দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান সাংবাদিকদের বলেন,প্রধান ফটকে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ফোন করে জানান, সেখানে দুটি ককটেল পাওয়া গেছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। অবিস্ফোরিত ককটেলটি উদ্ধারের জন্য পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে।

হুমকির বিষয়ে প্রক্টর আরও বলেন, “রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফোন কল দিয়ে বলেন, আগামী ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখতে হবে। অন্যথায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। জবাবে আমি তাকে বলেছি, ‘তুমি পালিয়েছ, তোমার আপা পালিয়েছে। সাহস থাকলে তোমরা আসো। মূলত পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আমাদের ওপর ভীতিকর পরিবেশ তৈরির জন্য এ ঘটনা ঘটিয়েছে। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।

এ বিষয়ে কাজলা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা মোসতাক আহমেদ বলেন, “বিস্ফোরণের শব্দ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখানে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে এবং আরেকটি অক্ষত অবস্থায় পড়ে আছে। আমাদের বিশেষজ্ঞ দল এলে সেটি উদ্ধার করা হবে।

ঘটনার পর ক্যাম্পাস ও প্রধান ফটক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে, ককটেল বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা জড়ো হয়ে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন।