জলবায়ু সচেতনতা ও টেকসই উন্নয়নবিষয়ক শিক্ষা, গবেষণা এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি। এ লক্ষ্যে দুই বিশ্ববিদ্যালয়ের চলমান সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. মুহাম্মদ উসমান মাজহার ও ড. বিলাল আকবর। এ সময় দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ একাডেমিক ও প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
ব্রিটিশ কাউন্সিলের ‘ট্রান্সন্যাশনাল এডুকেশন প্রজেক্ট’র আওতায় পরিচালিত যৌথ কার্যক্রম ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ ও অনুষদেও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেয়া হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণ আয়োজন এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে ব্যবসায় শিক্ষা বিষয়ে যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়ন ও উন্নয়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন যুক্তরাজ্যের দুই অধ্যাপক।
সাক্ষাতে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের শিক্ষা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করছে। বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করে তিনি দুই প্রতিষ্ঠানের একাডেমিক সম্পর্ক আরও গভীর করতে অতিথিদের সহযোগিতা কামনা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. নাসরিন আক্তার বৈঠকে অংশ নেন।
যৌথ উদ্যোগের ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডব্লিউ. এ. জেনকিন্স ভার্চ্যুয়াল ক্লাসরুমে ‘ব্যবসায় শিক্ষায় জলবায়ু বিষয়ক সাক্ষরতা’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ আয়োজিত এ কর্মসূচিতে মূল বক্তা হিসেবে আলোচনা করবেন নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. মুহাম্মদ উসমান মাজহার ও ড. বিলাল আকবর। এতে বিজনেস স্টাডিজ অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেবেন।






