ঢাকা | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,২ অগ্রহায়ণ ১৪৩৩

বাউবির এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ফল প্রকাশ, পাসের হার শতকরা ৬৪ দশমিক ৭৫

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ফল প্রকাশিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত ফলে গড় পাসের হার ৬৪ দশমিক ৭৫ শতাংশ।

বাউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো জানানো হয়, এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪৬ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেয় ৩৮ হাজার ১৭৯ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারীর শিক্ষার্থী সংখ্যা ১৬ হাজার ২২২ জন। এর মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থী সংখ্যা ১০ হাজার ৫০৩ জন। চূড়ান্ত পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৭১৬ জন ছাত্র এবং ৪ হাজার ৭৮৭ জন ছাত্রী। গ্রেডভিত্তিক ফলাফলে ১৬ জন ‘A+’, ১ হাজার ৫০৮ জন ‘A’, ৩ হাজার ৩০২ জন ‘A-’, ৩ হাজার ৫২৪ জন ‘B’, ২ হাজার ১০৭ জন ‘C’, এবং ৪৬ জন ‘D’ গ্রেড অর্জন করেছে।

বাউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ উপাচার্যের কনফারেন্স কক্ষে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ফল গেজেট উপাচার্যের নিকট হস্তান্তর করেন।

উপাচার্য বলেন, বাউবির লক্ষ্য শুধু পাসের হার বৃদ্ধি নয়, বরং গুণগত শিক্ষা নিশ্চিত করা। এ লক্ষ্যে সুষ্ঠু, স্বচ্ছ, নির্ভুল ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার ফল মাত্র ৪১ কর্মদিবসে প্রকাশ সম্ভব হওয়ায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থগিত ফলের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে তিনি পরীক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, পরীক্ষক ও কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। বাউবিকে মানবিক ও গুণগত শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

এইচএসসি পরীক্ষা-২০২৬ ফল প্রকাশ অনুষ্ঠানটি বাউবির ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচারিত হয়েছে।

বাউবি ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার চূড়ান্ত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট result.bou.ac.bd-এ পাওয়া যাবে।

এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে:

গ্রামীণফোন (GP): মেসেজ অপশনে PBBOUStudent ID (উদাহরণ: PB BOU 19011010048) লিখে ১৬৫৫৪ নম্বরে পাঠাতে হবে। টেলিটক: BOUStudent ID (উদাহরণ: BOU 19011010048) লিখে ২২৭৭৭ নম্বরে পাঠাতে হবে। রবি ও বাংলালিংক: BOUStudent ID (উদাহরণ: BOU 19011010048) লিখে ২২৭৭৭ নম্বরে পাঠাতে হবে।