সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় ২ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ৪ বাংলাদেশি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হামলায় ২ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। রাষ্ট্রীয় খরচে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনা হবে। এ ছাড়া কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় ৪ বাংলাদেশি নাগরিক আইসিইউতে চিকিৎসাধীন।
এর আগে সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় ২ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়। এতে বলা হয়, শনিবারের (১০ অক্টোবর) ওই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। এতে দুই বাংলাদেশি প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। সেই সঙ্গে বাংলাদেশ সরকার নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক স্থাপনায় হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। এ ঘটনায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
এ ছাড়াও চলমান সংকটের প্রেক্ষাপটে অবিলম্বে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।





