ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬,২৫ আশ্বিন ১৪৩৩

স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে অটোরিকশাচালক: পুলিশ

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৫) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সুমন মিয়া (৩৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে। স্বীকারোক্তিকে তার দেয়া তথ্য অনুযায়ী, নিহত ছাত্রীর ব্যবহৃত আইফোনও উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পঙ্কজ বড়ুয়া।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে লালমাই উপজেলার ভোরাজগৎপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইলের পাশ থেকে জান্নাতুলের মরদেহ উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তার বাবা মরদেহ শনাক্ত করেন।

নিহত জান্নাতুল কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার স্থায়ী বাড়ি যশোর জেলায়। বাবার চাকরির সুবাদে পরিবারের সঙ্গে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় বসবাস করতো সে। এ ঘটনায় লালমাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার তিশা বাস কাউন্টারের সামনে থেকে রেসকোর্স এলাকায় যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে জান্নাতুল। চালক সুমন মিয়ার সঙ্গে ৩০০ টাকা ভাড়া নির্ধারণ হয়। তবে গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে চালক তাকে অন্য পথে নিয়ে যান। অন্ধকার ও নির্জন এলাকায় পৌঁছানোর পর বিষয়টি বুঝতে পেরে জান্নাতুল অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় সুমন তাকে আটকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেন। জান্নাতুল চিৎকার করলে তার গলায় গামছা পেঁচিয়ে ধরেন তিনি। একপর্যায়ে জান্নাতুল দুর্বল হয়ে পড়লে তাকে ধর্ষণ ও হত্যা করেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন সুমন।

পরে মরদেহ ধানক্ষেতে ফেলে রেখে জান্নাতুলের ব্যাগ থেকে তিনি আইফোন নিয়ে চলে যান বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার পর সুমন বাখরাবাদ এলাকায় একটি পুকুরপাড়ের জঙ্গলে আইফোনটি লুকিয়ে রেখে চট্টগ্রামে চলে যান। পরে জেলা গোয়েন্দা পুলিশ ও লালমাই থানা-পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে গত শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে সুমনের দেয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী বাখরাবাদ এলাকার পুকুরপাড়ের জঙ্গল থেকে আইফোনটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ সম্মেলনে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।