চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন টানা ১৩তম দিনে গড়িয়েছে। একইসঙ্গে শিক্ষকদের অবস্থান কর্মসূচিও অব্যাহত রয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এর অংশ হিসেবে শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে।
চুয়েটের সহকারী অধ্যাপক সামিউন বাসির বলেন, গতকাল চুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতির প্রতিনিধিরা সরকারের উচ্চপর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ আলোচনায় অংশ নেন।
তিনি বলেন, আলোচনায় চুয়েটের বর্তমান পরিস্থিতি এবং অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়েছে। প্রতিনিধিরা দাবিটির পক্ষে বিভিন্ন যুক্তি ও বাস্তবতাও তুলে ধরেছেন।
সহকারী অধ্যাপক সামিউন বাসির আরো বলেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত ধৈর্য, আন্তরিকতা ও পর্যাপ্ত সময় নিয়ে শুনেছেন এবং প্রতিনিধিদের বক্তব্য গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন। আমরা আশা করি, উপস্থাপিত বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চুয়েটের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি ইতিবাচক সিদ্ধান্ত নেবেন।
এদিকে, উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।





