ঢাকা | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,২৯ আশ্বিন ১৪৩৩

বিশ্ব শিক্ষক দিবসের বাণীতে যা বললেন শিক্ষামন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশের শিক্ষকসমাজসহ বিশ্বের সব শিক্ষককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, শিক্ষকরা জাতির আলোকবর্তিকা। জ্ঞান ও প্রজ্ঞার আলো ছড়িয়ে একজন শিক্ষক প্রজন্মের পর প্রজন্মকে আলোকিত করেন। শুধু পাঠ্যজ্ঞানদান নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকের ভূমিকা অপরিসীম। একটি জ্ঞানভিত্তিক, উন্নত ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে শিক্ষকদের অবদান তাই অনস্বীকার্য।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে শিক্ষা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদেরও নতুন জ্ঞান, দক্ষতা ও আধুনিক শিক্ষাদান পদ্ধতির সঙ্গে নিজেদের সমৃদ্ধ করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে শিক্ষকসমাজকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং তাঁদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। কারণ, শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা ছাড়া একটি মানসম্মত ও টেকসই শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। আমি বিশ্বাস করি, দেশের শিক্ষকসমাজের মেধা, নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিক প্রচেষ্টায় আমাদের শিক্ষার্থীরা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠবে। তাঁদের হাত ধরেই গড়ে উঠবে জ্ঞান, ন্যায়, মানবিকতা ও সমৃদ্ধির বাংলাদেশ।বিশ্ব শিক্ষক দিবসে দেশের সব শিক্ষককে তাঁদের মহান দায়িত্ব পালনে আন্তরিকতা ও নিষ্ঠার জন্য গভীর শ্রদ্ধা জানাই। একই সঙ্গে তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করছি।