২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন গ্রহণ শেষ হচ্ছে আজ। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টায় এই আবেদন গ্রহণ শেষ হবে। একই সময়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের পর ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরাও নতুন করে আবেদন করতে পারবেন।
যারা এরই মধ্যে আবেদন করেছেন, তারাও নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম সংশোধন বা আবেদন পরিমার্জনের সুযোগ পাবেন। একাদশে ভর্তির প্রথম পর্যায়ের ফল প্রকাশ করা হবে আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর)।
আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তিত হয়েছে, তাদের সংশোধিত ফল একাদশ শ্রেণির ভর্তি আবেদনের পোর্টালে যুক্ত করা হয়েছে। আগে আবেদন না করা শিক্ষার্থীরা নতুন করে আবেদন করতে পারবেন। আর যারা আবেদন করেছেন, তারা প্রয়োজন অনুযায়ী আবেদন সংশোধন করতে পারবেন।
এ ছাড়া গত ১০ সেপ্টেম্বরের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে না পারা শিক্ষার্থীদেরও রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।
এর আগে গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হয়। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুসরণ করে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ জন্য কোনো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। অনলাইন আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।
ভর্তি নির্দেশনা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দ করতে পারবেন। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে। ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।





