যশোর শিক্ষা বোর্ডের সচিব ও শিক্ষা ক্যাডার কর্মকর্তা অধ্যাপক ড. মো. আব্দুল মতিনের বিরুদ্ধে সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ছাত্র জাহিদ হাসান সিজানের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। বোর্ডের মতো দায়িত্বশীল পদে অধিষ্ঠিত একজন কর্মকর্তার এমন কর্মকাণ্ডে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের মধ্যে।
সোমবার ঘটনার প্রতিবাদে এবং বিতর্কিত এই শিক্ষা ক্যাডার কর্মকর্তার অবিলম্বে অপসারণের দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, এমএম কলেজের শিক্ষার্থী সিজানের সঙ্গে যশোর শিক্ষা বোর্ডের সচিব আব্দুল মতিনের আচরণ ও নির্যাতনের ঘটনায় তারা ক্ষুব্ধ।
জানা গেছে, ওই ছাত্রের গলায় হেডফোন ঝুলানো দেখে ক্ষিপ্ত হন শিক্ষা ক্যাডার মতিন। পরে তাকে হেনস্তা করা হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
তবে এ ব্যাপারে শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুল মতিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।





