টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের অনেকের মধ্যেই অনুশোচনা নেই। তাদের বেশিরভাগই মোবাইলে আসক্ত। এদের বাঁচাতে আমি সবার সহযোগিতা চাই।
শনিবার (১৫ আগস্ট) গোপালপুর উপজেলা অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী, ২০২৫ খ্রিষ্টাব্দে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্মাননা এবং দুস্থ কর্মচারীদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ আহমদ আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সম্পাদক আলহাজ আব্দুল ওয়াহেদ আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে ২০২৫ খ্রিষ্টাব্দে অবসর নেওয়া ২৭ জন শিক্ষক-কর্মচারীকে সম্মাননা এবং ৮ জন দুস্থ কর্মচারীকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- গোপালপুর থানার ওসি রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সহসভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, সাধারণ সম্পাদক চাঁন মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।





