ঢাকা | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,২৭ শ্রাবণ ১৪৩৩

‘কোটার চেয়ে বড় ক্যান্সার ম্যানেজিং কমিটির নিয়োগ’

এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির কাছে যেনো হস্তান্তর না করা হয় সে দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। তারা বলেন, এই নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছেই রাখা হোক। একই সঙ্গে তারা কোটার চেয়ে বড় ক্যান্সার আখ্যা দেন ম্যানেজিং কমিটিকে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তারা।

সংবাদ সম্মেলনে দেশের বেকারদের জন্য সরকারের পক্ষ থেকে ফলপ্রসূ সিদ্ধান্ত নেয়ার দাবি জানানো হয়। সরকারি ও বেসরকারি সব পরীক্ষায় ডিভাইসধারী, অসাধু চক্র দমনে কার্যকর ও দৃশ্যমান শাস্তি নিশ্চিতেরও দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং মন্ত্রণালয় থেকে গেজেটও প্রকাশিত হয়নি। মন্ত্রণালয়ের কিছু অসাধু আমলা বা ষড়যন্ত্রকারী মহল সরকারকে বিপদগ্রস্ত করার জন্য এ ধরনের হঠকারী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। গত তিন বছর ধরে এনটিআরসিএ নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় উদ্বেগ রয়ে গেছে। তাই আমরা অতিসত্বর ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার দাবি জানাই।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— এনটিআরসিএ নিয়োগ কোনোভাবেই ম্যানেজিং কমিটির হাতে হস্তান্তর করা যাবে না। অনাগত দিনে এমন জনবিরোধী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে হবে, চাকরি প্রত্যাশী বেকার শিক্ষার্থীদের বাস্তবিক দিক বিবেচনা করে গত ৩ বছর ধরে ঝুলে থাকা ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার অনতিবিলম্বে দেয়া হবে এবং সরকারি ও বেসরকারি সকল পরীক্ষায় ডিভাইসধারী, অসাধু চক্র দমনে কার্যকর ও দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে।