শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মাদরাসা ও সাধারণ শিক্ষার যেসব বিষয় একক সেসব বিষয়ের কমন প্রশ্ন করা হবে আগামীতে। আমরা মাদরাসা শিক্ষাকে মর্ডানাইজ করার জন্য সেখানে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করছি। আমরা কোনো বৈষম্য চাই না।
সোমবার (২২ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ২০তম দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামীতে ক্রমান্বয়ে আমরা শিক্ষায় জিডিপির ৪ শতাংশ বরাদ্দ ক্রোস করবো। সারা দেশে ১১৬টি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান যিনি পরিচালনা করেন তিনি আপনাদের নোয়াখালীর সন্তান ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন।
কিউএস র্যাঙ্কিংয়ে ভালো করতে হলে আপনাদের লেখাপড়া ছাড়া যা দরকার তা আপানাদের কাছে নেই। আমি প্রথম ব্লু-ইকোনোমির কথা প্রথম শুনেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুখে। আমারা দেখেছি উনি ছাত্রদের কীভাবে উৎসাহিত করতেন, শুধু রাজনীতি নয় এর পাশাপাশি লেখাপড়াও করতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা গত সপ্তাহে বগুড়া ইউনিভার্সিটি বিল পাস করেছি। সেখানে নতুন-নতুন বিষয় থাকবে। এই প্রথম ইউরোপ আমেরিকার মতো একটি ইউনিভার্সিটি হচ্ছে। নোয়াখালীতেও এমন একটি বিশ্ববিদ্যালয়ের জায়গা রয়েছে। ইউজিসি চেয়ারম্যান মামুন সাহেবের কাছ থেকে নোয়াখালী বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব আমরা পাবো বলে আশাকরি।
তিনি আরো বলেন, আপনারা জানেন পৃথিবীর জনসংখ্যা কমছে আর আমাদের বাড়ছে। এটা কোনো অভিশাপ নয়। এটা আমাদের কাজে লাগাতে হবে। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে হবে।
তবে আমরা শিক্ষার্থীদের অবহেলা করি। তাই প্রধানমন্ত্রী শিক্ষায় গুরুত্ব দিয়েছেন। প্রধান শিক্ষকদের মামলা চলে ফলে দেশে ৬৫ হাজারের মধ্যে ৩২ হাজার প্রধান শিক্ষক পদোন্নতি পায়না। আমি সংসদে বলার পর সেটি আদালতের নজরে এসেছে। ২ জুলাই এটি সমাধান হবে।





