কারাগার থেকে মুক্তি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি।
বৃহস্পতিবার (৭ মে) আটকের দুই মাস পর জামিনে কারাগার থেকে বের হন তিনি। শেখ তাসনিম আফরোজ ইমির আইনজীবী অ্যাডভোকেট মুহা. নোমান হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন।
এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। কারামুক্ত ইমি, পাশে থাকা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’
এর আগে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইমির জামিন মঞ্জুর করেন।
দুই মাস আগে ৭ মার্চ শাহবাগ থানার সামনে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজান শেখ তাসনিম আফরোজ ইমি। ওই দিন তার সঙ্গে ছাত্রলীগ নেতা আসিফ আহমেদ ও মামুনসহ আরও বেশ কয়েকজন ছিলেন। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে তাকে শাহবাগ থানায় সোপর্দ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। পরদিন ইমি, আসিফ আহমেদ ও মামুনসহ অজ্ঞাত ২০-৩০ জনের জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।






