ঢাকা | সোমবার, ২০ এপ্রিল ২০২৬,৭ বৈশাখ ১৪৩৩

বিএনপির নারী আসনে মনোনয়ন পেলেন গোপালগঞ্জ আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ঘিরে সরব হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। ঘোষিত হয়েছে নির্বাচনের দিনক্ষণ। এরই মধ্যে গোপালগঞ্জ সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের পদধারী নেত্রী সুবর্ণা ঠাকুর বিএনপির মনোনয়ন পেয়েছেন।

জানা গেছে, সুবর্ণা ঠাকুর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

মনোনয়ন ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তার কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি ছবিতে তাকে আওয়ামী লীগের লোগো সংবলিত ফাইল হাতে দেখা যায়, যা নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। পাশাপাশি ২০২৩ সালের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের কমিটিতে তার বন ও পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে থাকার প্রমাণস্বরূপ একটি বিজ্ঞপ্তিও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ওই বিজ্ঞপ্তিতে তৎকালীন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজমের স্বাক্ষর রয়েছে বলে জানা গেছে।

সোমবার (২০ এপ্রিল) বিএনপি ৩৬ জন চূড়ান্ত মনোনীত প্রার্থীর তালিকায় তার নাম ঘোষণা করা হয়।

এদিন দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মনোনীত ৩৬ প্রার্থীর চূড়ান্ত নাম ঘোষণা করেন।

যারা মনোনয়ন পেয়েছেন তারা হলো- সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিন খান, মাহমুদা হাবিবা, মোছা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হোসাইন, মোছা. সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, মোছা. সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।