কুষ্টিয়া (সদর) ৩ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তৃতার সময় অসুস্থ হয়ে মারা গেছেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম।
সোমবার (১৯ জানুয়ারি) বিকাল চারটার দিকে কুষ্টিয়া শহরের একতারা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা জামায়াত সূত্র জানায়, বিকাল সাড়ে তিনটার দিকে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশের সমাপনী বক্তব্য দিচ্ছিলেন অধ্যাপক মাওলানা আবুল হাশেম। বক্তব্যের একপর্যায়ে তিনি অসুস্থ বোধ করে মঞ্চেই লুটিয়ে পড়েন।
কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক বলেন, দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন।
মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালের চিকিৎসক আব্দুল মোমেন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।
মাওলানা আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন। তার মৃত্যুর পর বিক্ষোভ সমাবেশটি স্থগিত ঘোষণা করা হয়।





