ঢাকা | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬,১৬ বৈশাখ ১৪৩৩

বহিষ্কৃত শিক্ষকের অপপ্রচারে অতিষ্ঠ সহকর্মীরা

মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের বহিষ্কৃত সহকারী শিক্ষক (সংগীত) বিপাশা ইয়াসমিনের প্রতিষ্ঠানের ধারাবাহিক অপপ্রচার, মিথ্যা অভিযোগ ও হয়রানি থেকে পরিত্রাণ পেতে সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষক ও কর্মকর্তারা।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলন করা হয়।

লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জিনাত ফারহানা বলেন, ২০১৫ খ্রিষ্টাব্দের ১১ নভেম্বরে আওয়ামী লীগের তৎকালীন সংসদ সদস্য ইলিয়াস মোল্লার মাধ্যমে এমপিও প্যাটার্নের বাইরে নন-এমপিও ভিত্তিতে বিপাশা ইয়াসমিনকে নিয়োগ দেয়া হয়। পরবর্তীতে সংসদ সদস্যের প্রভাবে তাকে নন-এমপিও হিসেবে স্কুলে স্থায়ী করা হয়। কিন্তু চাকরিকালে নানা অভিযোগে তাকে একাধিকবার শোকজ করা হলেও তিনি শোধরাননি। পরবর্তীতে দীর্ঘদিনের অনিয়ম, সহিংস আচরণ, বিভ্রান্তিকর তথ্য প্রচার ও শিক্ষার পরিবেশ নষ্টের অভিযোগে ২০২৫ খ্রিষ্টাব্দের ১৮ মে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু স্কুল থেকে বহিষ্কার হওয়ার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে নানা বিষোদগার করছেন বিপাশা ইয়াসমিন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নামে-বেনামে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ (মাউশি) বিভিন্ন দপ্তরে স্কুলের প্রধান শিক্ষকসহ অনেকের বিরুদ্ধে বিপাশা ইয়াসমিন অভিযোগ দিচ্ছেন। এসব অভিযোগের বিষয় নিয়ে দপ্তরে দপ্তরে ঘুরতে ঘুরতে শিক্ষকদের হয়রানির মুখে পড়তে হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা।

স্কুলটির প্রধান শিক্ষক বলেন, একজন বহিষ্কৃত শিক্ষকের লাগাতার অপপ্রচারে আমরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। শিক্ষা পরিবেশ রক্ষা ও প্রতিষ্ঠানের সুনাম বজায় রাখতে প্রকৃত তথ্য তুলে ধরার জন্য আমরা গণমাধ্যমের সহযোগিতা কামনা করছি।

সংবাদ সম্মেলনে স্কুলের সহকারী প্রধান শিক্ষক আহমাদ উল্লাহ কাসেমি, দিবা শাখার ইনচার্জ জেসমিন আহমেদ, প্রভাতি শাখার ইনচার্জ সুয়ারা সুলতানাসহ প্রমুখ। এছাড়া প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।