বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে নেতৃত্ব, শিক্ষকদের দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে অংশীদারিত্ব চুক্তি সই হয়েছে।
বাংলাদেশে যুক্তরাজ্য সরকারের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের উদ্যোগে যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে সম্প্রতি এই চুক্তি সই হয়। চুক্তিতে সই করেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান।
শনিবার (১ নভেম্বর) ইউজিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, এই অংশীদারত্ব চুক্তির আওতায় ব্রিটিশ কাউন্সিল এবং যুক্তরাজ্যের সহযোগী প্রতিষ্ঠান অ্যাডভান্স হায়ার এডুকেশন বাংলাদেশের শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, অ্যাকাডেমিক নেতৃত্ব এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে হিট প্রকল্পকে সহায়তা করবে। এই সহযোগিতা বাংলাদেশের সরকারের উচ্চশিক্ষা খাতকে বৈশ্বিক মানের সঙ্গে সংযুক্ত করতে এবং একটি টেকসই পেশাদার উন্নয়ন কাঠামো প্রতিষ্ঠায় সহায়ক হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ভাইস চেয়ার ও হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস ওয়েন্ডি আলেকজান্ডার, ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মাসুমা হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান, বুয়েটের উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড ও বিশ্বব্যাংকের টাস্ক টিম লিডার টিএম আসাদুজ্জামান।






