ঢাকা | শনিবার, ৩০ মে ২০২৬,১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, জামায়াত সংস্কার, অংশীদারিত্বের রাজনীতি, দেশ গঠন ও অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখেনি। তোমরা নতুন দল, রাজনীতিতে জামায়াতের সঙ্গে পাল্লা দিতে গেলে বহু দূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না।

আজ (সোমবার, ২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্দেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক একটি স্ট্যাটাস দিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী সংস্কার চায় না, সংস্কার ও নতুন সংবিধান সংলাপে ভূমিকা রাখেনি। অথচ ঐকমত্য কমিশনে লিখিতভাবে ৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে আমরাই প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি।’

গোলাম পরওয়ার বলেন, ‘নতুন গঠিত ছাত্র দলের একজন নেতা এ সমালোচনা করেছেন। ওনারা চাচ্ছেন যে আমরা একটু সমালোচনা করি। কেউ তো ওনাদের নাম দেয় না, তো জামায়াতের মত একটি বড় দল তাদের নিয়ে দুটো কথা বললে তাদের নাম দুয়েকজন নেয়। আমরা আপনাদের অত আমলে নেই না।’

দলটির নেতাকর্মীদের জুলাই যোদ্ধা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তাদের প্রতি জামায়াতের শ্রদ্ধা ও দোয়া থাকবে।’ অশ্লীল, অরাজনৈতিক ভাষা ব্যবহার করা কোনো রাজনৈতিক নেতার জন্য শোভনীয় নয় বলে মন্তব্য করেন গোলাম পরওয়ার।

তিনি আরও বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে দেশে কেউ বেকার থাকবে না, দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না। জনগণের অধিকার নিশ্চিত করতে এবার সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে।’

এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের কোথাও ঘের দখল করে না, জমি দখল করে না, কিংবা বালু উত্তোলন করে না বলেও জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক সুজায়েত আলী, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেনসহ অন্যান্য নেতারা।