ঢাকা | শনিবার, ৩০ মে ২০২৬,১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

এবার মুখে কালো কাপড় বেঁধে আন্দোলনে নামবেন শিক্ষকরা

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ মিছিল করবেন তারা।

সোমবার বিকেলে এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক নেতা অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি।

কেন্দ্রীয় শহীদ মিনারে নবম দিনের মতো সমাবেশ ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। দুপুরে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিদল আন্দোলনস্থলে পাঠানো হয়। প্রতিনিধিদলে নেতৃত্ব দেন যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ যথেষ্ট নয়। বর্তমান সরকার ঘোষিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ যথেষ্ট নয়। তাই সরকারকে বিশেষ বিবেচনার অনুরোধ জানাই।

এর আগে, গতকাল রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপিওভুক্ত শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তিনি বলেন, খুব শিগগিরই বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিদল আন্দোলনস্থলে পাঠানো হবে। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের জাতীয়করণের দাবি পূরণ করা হবে বলে বিএনপি মহাসচিব শিক্ষকদের আশ্বাস দিয়েছেন। বৈঠকে ছিলেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের ১০ সদস্যের প্রতিনিধিদল।

এদিকে পাঁচ শতাংশ বাড়িভাড়া দেওয়ার প্রজ্ঞাপন প্রত্যাখান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

বাড়িভাড়া ২০ শতাংশ, মেডিক্যাল ভাতা ১ হাজার ৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন শিক্ষকরা।