শাপলা প্রতীক ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন নেবে না বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ার ব্যাখ্যা চাইলে প্রধান নির্বাচন কমিশনার দুই ঘণ্টা চুপ ছিলেন জানিয়ে পাটওয়ারী বলেন, ‘আমরা এটা লাস্ট তাঁকে বলে এসেছি যে, আপনি যদি শাপলা না দেন, তাহলে আপনাকে ব্যাখ্যা দিতে হবে; যেহেতু উনি সাংবিধানিক প্রতিষ্ঠানে আছেন।’
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, নির্বাচন কমিশনের সামনে দুটি পদ্ধতি, দুটি রাস্তা আছে। একটি হলো ধান (ধানের শীষ) বাতিল করা, তারা বাতিল করা, সোনালি আঁশ বাতিল করা অথবা শাপলা দেওয়া। আমরা আশা করি, ভ্রাতৃপ্রতিম অন্যান্য রাজনৈতিক সংগঠন রয়েছে, আমরা তাদের সঙ্গে এ বিষয়ে ঐক্যবদ্ধ যে—কারোটাই বাতিল না হোক।
এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, সুতরাং, আমরা শাপলা পেতে আইনি ও রাজনৈতিক বাধা কোথাও দেখছি না। এ জন্য আমরা আশাবাদী, শাপলা পাব। সে বিষয়টা আমরা জানিয়ে এসেছি উনাদের। উনারা এ বিষয়ে নিশ্চুপ ছিলেন। কোনো উত্তর দিতে না পারায় ‘উনারা এটাতে সম্মতি প্রকাশ করেছেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা স্টিল উনাদের পদত্যাগ চাচ্ছি না। আমরা শাপলার ক্ষেত্রে অনড় আছি, অনড় থাকব। কারণ, এটা অধিকার। যেটার আইনি প্রতিবন্ধকতা নাই, রাজনৈতিক প্রতিবন্ধকতা নাই, কোথাও প্রতিবন্ধকতা নাই, তাহলে এটা করতে সমস্যা কোথায়? আমরা তাদের আজকে বলেছি—শাপলার জন্য এই মাস অপেক্ষা করব।’
পাটওয়ারী জানান, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে অথবা এ বিষয়ে যদি চ্যালেঞ্জ বা অবস্টেকল সৃষ্টি করে থাকে, এটা নির্বাচন কমিশন কিছুটা দায়ী থাকবে।






