বগুড়ার আদমদীঘির সান্তাহার এসএমআই (সুন্দর মাহমুদিয়া ইসলামিয়া) একাডেমীর প্রধান শিক্ষক তহমিনা বেগমের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও অভিভাবকদের লিখিত অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগও করেছেন তিনি। প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও কর্তৃপক্ষের কোনো জোরালো পদক্ষেপ না থাকায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে।
গত বছরের ২৭ ডিসেম্বর বগুড়া জেলা প্রশাসকের কাছে এলাকাবাসী ও অভিভাবকরা প্রধান শিক্ষক তহমিনা বেগমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে নিয়োগ বাণিজ্য, প্রাচীর নির্মাণ, স্কুল মাঠের উন্নয়ন, বাগান করা এবং স্বেচ্ছাচারী আচরণের মতো বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করা হয়। এর ভিত্তিতে উপজেলা প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে, যার নেতৃত্বে ছিলেন উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী।
২৯ ডিসেম্বর তদন্ত কমিটি স্কুল পরিদর্শনে গেলে প্রধান শিক্ষক স্কুলে অনুপস্থিত ছিলেন। পরে তিনি তদন্ত কমিটির কাছে অতিরিক্ত সময়ের জন্য আবেদন করেন। কিন্তু তদন্ত সম্পন্ন হওয়ার আগেই তিনি কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে হয়রানি করেন। তদন্ত কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা পেলেও এ ঘটনায় তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।
পরবর্তীতে গত বছরের ৫ ও ৬ জানুয়ারি বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন পত্রিকায় “সান্তাহারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর বগুড়া জেলা প্রশাসক কার্যালয় থেকে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়, যার নেতৃত্বে ছিলেন রেভিনিউ ডিপুটি কালেক্টর মুর্শেদা খাতুন। ১৮ ফেব্রুয়ারি তিনি স্কুল পরিদর্শনে গেলে তার বিরুদ্ধেও মামলা দায়ের করেন তহমিনা বেগম। এভাবে তদন্তকারী কর্মকর্তাদের হয়রানির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
১৯৯৭ সালে তহমিনা বেগম সান্তাহার এসএমআই একাডেমীতে ইংরেজি বিভাগের সহকারী শিক্ষিকা হিসেবে যোগ দেন। তার পিতা মোশারফ হোসেন তখন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং বোন জামাই সিরাজুল ইসলাম খান রাজু আদমদীঘি সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি নিয়মবহির্ভূতভাবে নিয়োগ পান বলে অভিযোগ। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তার বোন জামাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকে তহমিনা বেগমের একক আধিপত্য শুরু হয়।
২০১২ সালে প্রধান শিক্ষকের পদ খালি হলে তিনি যোগ্যতার অভাব থাকা সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে পদোন্নতি পান। অভিযোগ রয়েছে, তিনি বিএড পরীক্ষায় অকৃতকার্য হওয়া সত্ত্বেও অবৈধ উপায়ে কৃতকার্য দেখিয়ে প্রধান শিক্ষক হন। এছাড়া, তিনি স্কুলের আয়-ব্যয়ের হিসাব দিতেন না, বাজেট আত্মসাৎ করতেন এবং শিক্ষক নিয়োগে ১০-১৫ লাখ টাকা ঘুষ নিতেন বলে অভিযোগ রয়েছে।
স্কুলের ভবনগুলো জরাজীর্ণ, জঙ্গলাকীর্ণ এলাকায় সাপ-বিচ্ছুর বসত এবং রাতে মাদকসেবীদের আড্ডা রয়েছে। এতে শিক্ষার্থীরা আতঙ্কে থাকেন বলে অভিভাবকরা জানিয়েছেন। এছাড়া, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তহমিনা বেগম তার ভাগ্নে সাইফুল্লাহ আল মেহেদীর পক্ষে নিয়ম ভঙ্গ করে কাজ করেন, যার জন্য তাকে ৮ ঘণ্টা আটক রাখা হয়। স্কুলের সীমানা নিয়ে বিরোধের জেরে তিনি শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন, র্যালি ও ট্রেন অবরোধের মতো রাষ্ট্রদ্রোহী কাজে জড়িত হন বলেও অভিযোগ রয়েছে।
তহমিনা বেগমের পরিবার আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। তার বড় বোন মঞ্জু আরা বেগম উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য, ভাগ্নে সাইফুল্লাহ আল মেহেদী সংসদ সদস্য এবং ছোট ভাই মনোয়ার জাহিদ রোকন সান্তাহার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কৌশলে বিএনপির কিছু নেতাকর্মীর আশ্রয় নিয়ে পদে টিকে আছেন।
বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা জানিয়েছেন, তহমিনা বেগমের বিরুদ্ধে অভিযোগের তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে এবং শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
দীর্ঘ ১০ মাসেও কোনো জোরালো পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা অভিযোগ করেছেন, তহমিনা বেগম এখনো স্কুলে একক আধিপত্য বিস্তার করে চলেছেন। তদন্তকারী কর্মকর্তারাও মামলার হয়রানির কারণে ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে এলাকাবাসী ও অভিভাবকরা দ্রুত ন্যায়বিচার ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।






