ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় বৈধ প্রার্থী ৪৬২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী ভিপি পদে ৪৮ জন। জিএস পদে ১৯ জন ও এজিএস পদে ২৮ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা জসীম উদ্দীন এসব তথ্য জানান।
এর আগে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদ, বামপন্থি জোটসহ স্বতন্ত্র প্রার্থীরা প্যানেল ঘোষণা করেছে। রেকর্ড সংখ্যক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় এবারের ডাকসু নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিহাসের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য এবং সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিতে চায় বলে জানান ডাকসু নির্বাচনের কমিশন প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি বলেন, এবারের ডাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো চ্যালেঞ্জ নেই। সবকিছু ঠিকঠাক থাকলে যথাসময়ে হবে বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচন।
রাতে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা জসীম উদ্দীন জানান, নির্বাচনে কেন্দ্রীয় সংসদে প্রাথমিক বৈধ প্রার্থী ৪৬২ জন। ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র জমা দেওয়ায় স্থগিত হয়েছে ৪৭ জনের আবেদন। তিনটি পদে নেই কোনো নারী প্রার্থী। হল সংসদে বৈধ প্রার্থী সংখ্যা এক হাজার ১০৮ জন। আবেদন স্থগিত হয়েছে একজনের।
প্রার্থিতার পরিসংখ্যান অনুযায়ী, ভিপি পদে ছাত্র প্রার্থী ৪৩ জন, ছাত্রী পাঁচজন; জিএস পদে ছাত্র ১৮ জন, ছাত্রী একজন; এজিএস পদে ছাত্র ২৪ জন, ছাত্রী চারজন; মুক্তিযুদ্ধ ও ছাত্র আন্দোলন সম্পাদক পদে ছাত্র ১৪, ছাত্রী একজন; বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ছাত্র ১০ জন, ছাত্রী একজন; ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক ছাত্র সাতজন, ছাত্রী দুজন; সমাজসেবা সম্পাদক পদে ছাত্র ১৩ জন, ছাত্রী নেই; মানবাধিকার ও আইন সম্পাদক পদে ছাত্র আটজন, ছাত্রী তিনজন; স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ছাত্র ১২ জন, ছাত্রী তিনজন; ছাত্র পরিবহন সম্পাদক পদে ছাত্র ৯ জন, ছাত্রী নেই; ক্রীড়া সম্পাদক পদে ছাত্র ১২ জন, ছাত্রী একজন; গবেষণা ও প্রকাশনা সম্পাদক ছাত্র সাতজন, ছাত্রী চারজন; কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ছাত্র দুজন, ছাত্রী ৯ জন; আন্তর্জাতিক সম্পাদক পদে ছাত্র ১৫ জন, ছাত্রী নেই; সাহিত্য সম্পাদক ছাত্র ১৭ জন, ছাত্রী দুজন; সদস্যপদে ছাত্র ১৯১ জন, ছাত্রী ২৪ জন।
অর্থাৎ ডাকসু নির্বাচনে বৈধ প্রাথমিক প্রার্থী হিসেবে ছাত্র মোট ৪০২ জন, ছাত্রী ৬০ জন। এছাড়া নির্বাচন কমিশন জানায়, হল সংসদে বৈধ প্রার্থী সংখ্যা এক হাজার ১০৮ জন, স্থগিত হয়েছে একজনের আবেদন।






